সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা, দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির উত্তরাধিকার। বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার পর গত ৪৮ বছরে তার মতো জনপ্রিয় নেতা সৃষ্টি হয়নি। সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা, দক্ষ প্রশাসকের নাম শেখ হাসিনা।

আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। সভার সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কাদের বলেন, আমরা নির্বাচন করি পাঁচ বছর পরে এক মাস। শেখ হাসিনা নির্বাচন করেন প্রতিদিন। তিনি যখন কোনো অঞ্চলে যান, সেখান থেকে এক-দুজনের নাম লিখে রাখেন। যখন জাতীয় সংসদ বা সংরক্ষিত নারী আসনে নির্বাচন হচ্ছে, তখন ওই ডায়েরি থেকে নামগুলো এনে ঠিক করে নেন। ১৫ বছর আগের এবং ১৫ বছর পরের বাংলাদেশ রূপান্তরের রূপকার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। যিনি মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে বারে বারে বাংলার জয়গান গেয়েছেন।