বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পেরিয়ে আগ্নেয়াস্ত্রসহ গ্রামে ডুকে পড়া মিয়ানমারের সেই ২৩ উগ্রপন্থীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
আজ শনিবার সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন উখিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাহমিদা সাত্তার। এর আগে দুপুরে তাদের উখিয়া আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
উখিয়া থানা পুলিশ থেকে প্রাপ্ত তথ্য মতে, গেল ৬ ফেব্রুয়ারি (মঙ্গলবার) উখিয়ার পালংখালী ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অতিক্রম করে রহমতের বিল গ্রামে অনুপ্রবেশ চেষ্টা করে মিযানমারের অস্ত্রধারী কিছু উগ্রপন্থী। তখন তাদের ধাওয়া করে ৪টি আগ্নেয়াস্ত্র ২৩ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করে গ্রামবাসী। এরপর থেকে তারা বিজিবির জিম্মায় ছিলেন। পরে বিজিবির এক সদস্য বাদী হয়ে তাদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় তাদের আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ।
এ বিষয়ে উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, সেই ২৩ উগ্রপন্থীকে শনিবার দুপুরে আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে রিমান্ড শুনানি হয়নি। পরবর্তী দিন ধার্য্য করে আদালতে তাদের কক্সবাজার কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে শনিবার সন্ধ্যায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।