তৃতীয় ওভারে ১৯ রানে ৩ উইকেট হারানো ফরচুন বরিশাল ইনিংসশেষে সংগ্রহ করেছে ৪ উইকেটে ১৮৯ রান। আর এ কীর্তি সম্ভব হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের চোখ ধাঁধানো এক জুটির কল্যাণে।
চতুর্থ উইকেটে ৮৫ বলে ১৩৯ রানের চলতি বিপিএলের সর্বোচ্চ জুটি গড়েন রিয়াদ ও সৌম্য। আগের সর্বোচ্চ ছিল চট্টগ্রামের শাহাদাত হোসেন দীপু ও নাজিবউল্লাহ জাদরানের ১২১ রানের জুটি।
ইনিংসের শুরুতে ৭ বলের ব্যবধানে সাজঘরে ফেরেন তামিম, শেহজাদ ও মুশফিক। শেহজাদ ১০, তামিম ৪ ও মুশফিক করেন ১ রান। তামিমকে ফেরান শরিফুল। বাকি দুজনকে একই ওভারে আউট করেন তাসকিন। এর পর শুরু হয় রিয়াদ-সৌম্য জুটি।
৩২ বলে ফিফটি করেন সৌম্য সরকার। এটি তার ষষ্ঠ বিপিএল ফিফটি, চলতি আসরের প্রথম। মাহমুদউল্লাহ রিয়াদ ফিফটি করতে নেন ৩৭ বল। ৪৭ বলে ৭৩ করে মাহমুদউল্লাহ যখন ফেরেন ততক্ষণে হাঁকিয়েছেন ৭টি চার ও ৪টি ছয়। রিয়াদকে থামান শরিফুল।
দুজনের জুটি শতরান ছোঁয় ৬৬ বলে। ৩৯ বলে ৫৮ রানে থাকাকালীন সামারাকুনের ফুলটস বল আঘাত হানে সৌম্যর হাঁটুতে। ব্যাথায় লুটিয়ে পড়েন মাটিতে। চিকিৎসা নিয়ে উঠে দাঁড়িয়ে আবার শুরু করেন চার-ছক্কার ফুলঝুড়ি।
শোয়েব মালিক করেন ৯ বলে অপরাজিত ১৯ রান। ৪৯ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন সৌম্য। ১৯ বলে ৩১ রানের অবিচ্ছিন্ন জুটি হয় দুজনের।
ইনিংসশেষে সৌম্য জানান জুটির পেছনের গল্প। বলেন, ‘রিয়াদ ভাই বলেছিলেন ধরে খেলতে। আমরা দুজন মিলে সে চেষ্টাই করেছি। আর নিজে এমন পরিস্থিতিতে রান করতে পেরেও ভালো লাগছে।’
