এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে রবিবার

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল আগামীকাল রবিবার প্রকাশিত হওয়ার কথা রয়েছে। দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেনের আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করার কথা।

আজ শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল ১১ ফেব্রুয়ারি (রবিবার) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে এ নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর ব্রিফিং করার কথা রয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার ফল প্রকাশের লক্ষ্য সামনে রেখে সব প্রস্তুতি এগিয়ে চলেছে। সবকিছু প্রস্তুত হয়ে গেলে দুপুরের পর ফল প্রকাশিত হবে। তা না হলে পরদিন সকালের দিকেই প্রত্যাশিত ফল ঘোষণা করা হবে।

এর আগে গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সারা দেশে একযোগে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুরু হয়, চলে বেলা ১১টা পর্যন্ত। সারাদেশের ১৯ কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে মেধা যুদ্ধে বসেন এক লাখ চার হাজার ৩৭৪ শিক্ষার্থী।