স্কুলের ক্যান্টিনে ছেলের সঙ্গে খাওয়ায় অভিভাবক আটক

শিক্ষকদের সঙ্গে আলোচনায় অংশ নিতে ছেলের স্কুলে গিয়েছিলেন এক অভিভাবক। এ সময় খিদে পেলে ছেলের সঙ্গে বসে স্কুলের ক্যান্টিনে খেতে যান তিনি। তার পরেই গ্রেপ্তার হতে হয় তাকে।

গত বুধবার এই ঘটনাটি আমেরিকার পিট্সবার্গ এলাকার কাছে ওয়াশিংটন কাউন্টির একটি স্কুলে ঘটেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় সময় ১০টা ৪৫ মিনিটে স্কুলের ক্যান্টিন থেকে গ্রেপ্তার করা হয় অভিভাবককে। স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলের ক্যান্টিনে বসে তার ছেলের সঙ্গে খাওয়াদাওয়া করছিলেন ওই অভিভাবক। স্কুল চত্বরের ভেতর অনধিকার প্রবেশ নিষেধ বলে জানান কর্তৃপক্ষ। স্কুলের নিয়ম ভেঙে ক্যান্টিনে প্রবেশ করেছিলেন বলে গ্রেপ্তার করা হয়েছে অভিভাবককে। স্কুল কর্তৃপক্ষের দাবি, এই ঘটনার ফলে স্কুলের নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করা হয়েছে।

ক্যান্টিনের ভেতর থেকে অভিভাবককে হাতকড়া পরিয়ে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। যদিও পুলিশ এই বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়েছে। স্কুল কর্তৃপক্ষের এক কাজকে নিন্দা জানিয়েছেন নেটিজেনরা। কেউ বলেন, শিক্ষার্থীদের অভিভাবকেরা অচেনা নন। তারা ক্যান্টিনে প্রবেশ করলে কী-ই বা ক্ষতি হবে?

আরেকজন মন্তব্য করেন, এমন অদ্ভুত নিয়ম কিসের? উনি তো ছেলের সঙ্গে বসে খাচ্ছিলেন। গ্রেপ্তার করার খুব প্রয়োজন ছিল কি?