রাজীবকে পিষে দিয়ে যাত্রীবাহী বাসটি পড়ে গেল খাদে

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী মিনিবাস চাপা দিলে রাজীব শেখ (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ওই সময় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আহত হন আরও ১৭ জন।

আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মুকসুদপুর-বরইতলা সড়কের মুকসুদপুর উপজেলার বাটিকামারীর খন্দকারপাড়া দরগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। নিহত রাজীব শেখ (৩৫) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কানুড়িয়া গ্রামের আব্দুল জব্বার শেখের ছেলে।

ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, মোটরসাইকেলে করে রাজীব তার ছোট ভাই রানাকে নিয়ে দিগনগর থেকে মুকসুদপুর যাচ্ছিলেন। এসময় মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে মুকসুদপুর থেকে ছেড়ে আসা টেকেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে রাজীব শেখ মারা যায় ও ১৭ জন আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মারাত্মত আহত ১১ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনার পর মুকসুদপুর-বাড়ইতলা সড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আটকা পড়ে বেশ কিছু যানবাহন। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে।