বুন্দেসলিগার চলতি আসরে বেয়ার লেভারকুসেনের জয় ১৭টি, ড্র ৪টি। শুধু লিগেই নয়, সব প্রতিযোগিতা মিলিয়েই এখনও পর্যন্ত অপরাজিত জাবি আলোনসোর দল। ৩১ ম্যাচের ২৭টিই জিতেছে তারা। যা সবশেষটি সবশেষ ১১ আসরের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে। ম্যাচ শেষে দর্শকদের অভিবাদনের উত্তর জানানোর সময় সেখানে আমন্ত্রণ জানানো হয় জাবিকেও। তিনি প্রথমে এগিয়ে এসেও থেমে যান হঠাৎ। এরপর ডাক দেন কোচিং স্টাফের সবাইকে। জাবির ডাকে ছুটে আসেন তারাও।
দলের এমন সাফল্যের কৃতিত্বটা সবার মাঝে ভাগাভাগি করে দিলেন জাবি, ‘আমার দলটি অসাধারণ, সব খেলোয়াড় দুর্দান্ত। আমি একা এটা করতে পারতাম না। আমরা প্রাণশক্তিতে ভরপুর ছিলাম, খেলোয়াড়দের মধ্যে বিশ্বাস আছে আর সেটাই আমাদের দরকার।’
ইউরোপের মর্যাদার পাঁচ লিগে এখন পর্যন্ত অপরাজিত কেবল লেভারকুসেন। কখনো বুন্দেসলিগা না জেতা লেভারকুসেনের সামনে এবার সুবর্ণ সুযোগ প্রথম ট্রফি ঘরে তোলার। তবে এখনই শিরোপা নিয়ে ভাবছেন না জাবি, ‘শিরোপা জয়ের সুযোগ নিয়ে আমরা মে মাসে কথা বলব। আমাদের বাস্তববাদী হতে হবে আর নিজেদের পা রাখতে হবে মাটিতে।’
খেলোয়াড়ি জীবনে যেমন ঠাণ্ডা মাথার ও ধীরস্থির হিসেবে পরিচিতি ছিল তার, বায়ার্নকে হারানোর পরও তার প্রতিক্রিয়া ফুটে উঠল সেই ছাপ। জাবি বলেন, ‘আজকে খুব সুশৃঙ্খল পারফরম্যান্স ছিল আমার দলের। কাজটা সহজ ছিল না, তবে নিজেদের সুযোগের অপেক্ষায় থেকেছি আমরা। হয়তো বল খুব বেশি পাইনি আমরা। তবে আমাদের পরিকল্পনা ছিল বল ছাড়াও দাপট ধরে রাখা। এই জয় অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ। তবে স্রেফ তিনটি পয়েন্টই তো। আমাদের এভাবেই এগিয়ে যেতে হবে। মাত্রই ফেব্রুয়ারি মাস এটি। আমাদের ধীরস্থির থেকে নিজেদের কাজ করে যেতে হবে।’