বগুড়ায় কারাগারে ধর্ষণ মামলায় ইকবাল হোসেন (২২) নামের এক বন্দির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কারাগার কতৃপক্ষ। রবিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে জেলা কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে কারা অভ্যন্তরে বাথরুমে গলায় লুঙ্গি প্যাঁচানো লাশ উদ্ধার করা হয়।
ইকবাল হোসেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মুকুন্দপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। গত ৪ ফেব্রুয়ারি থেকে বগুড়ায় কারাগারে জেলার সোনাতলা থানায় দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয় তাকে।
বগুড়া জেলা কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ইকবাল হোসেনকে বাথরুমে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রবিবার দুপুরে বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের উপস্থিতিতে লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, সোনাতলা পৌর এলাকার এক স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠে ইকবাল হোসেনের বিরুদ্ধে। ওই অভিযোগে গত ৩ ফেব্রুয়ারি ওই স্কুলছাত্রীর বাবা সোনাতলা থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর রাতে তাকে মামলায় রাতেই ইকবাল হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে পরদিন দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
ইকবাল হোসেনের নামে সোনাতলা থানায় আরও একটি ধর্ষণ ও হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি।