জমিতে গাছের পাতা পড়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫ 

বগুড়ার আদমদীঘিতে ফসলি জমিতে কাঁঠাল গাছের পাতা পড়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

পুলিশ জানিয়েছে, গত শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ইসবপুর গ্রামে জমিতে কাঁঠাল গাছের পাতা পড়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ওই গ্রামের আজিজার রহমান, (৫৫) তার ছেলে রাজীব হোসেন (৩৬)  রাকিব হোসেন (৩২) ও অপর পক্ষের সোলায়মাম শেখ (২৬)  ও তার শাশুড়ী গোলাপ ফকিরের স্ত্রী মোরশেদা বেগম (৪০) আহত হন।

আহত সিরাজুল ইসলাম বলেন, আমাদের গাছের ডাল ও পাতা আজিজারের ফসলি জমিতে চলে যায়। এতে ওই জমির মালিক আমাদেরকে কাঁঠাল গাছের ডাল কাটতে বলেন। কিন্তু আমাদের ডাল কাটার আগেই তারা কেটে ফেলেন। বিষয়টি তাদের বলতে গেলে তারা আমাদের উপর হামলা করে ।

অপর পক্ষের রাকিব হোসেন বলেন, আমাদের জমিতে তাদের গাছের ডাল-পাতা পড়ে ফসল নষ্ট হচ্ছিলো। সেটা বলতে গেলে তারা উল্টো আমাদের উপরে হামলা করে।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।