আমার চেয়ে পরিবার বেশি আক্রান্ত হয়েছে: ম্যাক্সওয়েল

জানুয়ারির ১৯ তারিখ ছুটি কাটানো অবস্থায় অ্যাডিলেডের পানশালায় বেহুঁশ হয়ে পড়েন গ্লেন ম্যাক্সওয়েল। তাকে সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গতকাল উইন্ডিজের সঙ্গে রেকর্ড সেঞ্চুরির পর এ নিয়ে কথা বলেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়া জাতীয় দলের প্রতিনিধিত্ব করা একজন হিসেবে কাজটি মোটেই আদর্শ কিছু হয়নি বলে আখ্যা দেন ম্যাক্সি। সেই সঙ্গে এরকম সময়ে সর্বাত্মক সহযোগিতার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ম্যাক্সওয়েল বলেন, ‘আমার মনে হয় এই ঘটনায় ব্যক্তি আমার চাইতে আমার পরিবারকে বেশি ভুগতে হয়েছে। আমি জানতাম আমি ছুটিতে রয়েছি। তারপরও যা হয়েছে তা আদর্শ কিছু হয়নি। আমার পাশে থাকার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতি আমার কৃতজ্ঞতা। সবার সহযোগিতার জন্যই আমি দ্রুত ফিরে আসতে পেরেছি। অনুশীলন, জিম- সব শুরু করতে পেরেছি।’

অ্যাডিলেডে কাল উইন্ডিজের বিপক্ষে ৫০ বলে নিজের পঞ্চম সেঞ্চুরি হাঁকান ম্যাক্সি। আবার ভাগ বসান রোহিত শর্মার সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে।