ম্যাক্সওয়েলকে ছাড়িয়ে আইপিএলে নতুন ইতিহাস বিষ্ময় বালক সূর্যবংশীর

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৬ এএম

গ্লেন ম্যাক্সওয়েলের দীর্ঘদিনের এক অনন্য রেকর্ড ভেঙে আইপিএলে নতুন ইতিহাস গড়লেন রাজস্থান রয়্যালসের ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। আইপিএলের ইতিহাসে মুখোমুখি হওয়া বলের হিসেবে দ্রুততম ৫০০ রানের মাইলফলক স্পর্শ করার কীর্তি এখন এই তরুণ ওপেনারের দখলে।

বুধবার লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে প্রিন্স যাদবকে বাউন্ডারি মেরে এই মাইলফলক স্পর্শ করেন বৈভব। আইপিএলে ৫০০ রান পূর্ণ করতে বৈভব খরচ করেছেন মাত্র ২২২ বল। এর আগে এই রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের দখলে, যিনি ৫০০ রান করতে নিয়েছিলেন ২৬০ বল।

মাত্র ১৫ বছর বয়সেই বিশ্বসেরা হার্ডহিটারদের পেছনে ফেলে রেকর্ড বইয়ে নিজের নাম লিখিয়ে নিলেন এই ভারতীয় কিশোর। তবে রেকর্ড গড়ার দিনে বড় ইনিংস খেলতে পারেননি তিনি; মহসিন খানের বলে আউট হওয়ার আগে ১১ বলে ৮ রান করেন তিনি।

বৈভবের রেকর্ডের রাতে লখনউ সুপার জায়ান্টসকে ৪০ রানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে রাজস্থান ২০ ওভারে ১৫৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে লখনউ মাত্র ১১৯ রানেই অলআউট হয়ে যায়।

লখনউয়ের জন্য এবারের আসরটি অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। ঘরের মাঠে এখনো কোনো জয়ের মুখ দেখেনি তারা, বিপরীতে টানা তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানির দিকে ধুঁকছে কে এল রাহুলের দল।

বৈভবের এই উল্কার মতো উত্থানের মাঝেও তাকে সতর্ক করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অল্প বয়সে ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং প্রচারণার আলোতে গা না ভাসিয়ে পারফরম্যান্সে মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাকে। রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগও তরুণ এই ওপেনারের প্রতিভা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত