মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় শেরপুর জেলার নকলা উপজেলার তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আসামিরা হলেন আমিনুজ্জামান ফারুক, মোখলেসুর রহমান ওরফের তারা ও এ কে এম আকরাম হোসেন।
আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) এ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অন্য সদস্য হলেন বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কে এম হাফিজুল আলম।
আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুস সোবহান তরফদার ও আবদুস সাত্তার পালোয়ান। প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।
জানা গেছে, আসামিদের বিরুদ্ধে আনীত চারটি অভিযোগের তিনটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন ট্রাইব্যুনাল।