কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে মো. আসাদ উল্লাহ নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বালুখালীর ২০ নম্বর বর্ধিত ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত যুবক একই ক্যাম্পের এস-২/বি-৫ ব্লকের সিদ্দিক আহমেদের ছেলে। উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও স্থানীয়দের বরাতে ওসি বলেন, রবিবার রাতে আসাদ উল্লাহকে ১৪-১৫ জনের একদল মুখোশ পরা সন্ত্রাসী তাদের ব্লকে গুলি ও কুপিয়ে হত্যা করে ফেলে যায়। খবর পেয়ে এপিবিএন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই হত্যাকারীরা পালিয়ে যায় বলে জানান ওসি।
ওসি আরও বলেন, কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে- তা পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
'ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে' জানিয়ে ওসি বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।