নিজ দেশের নাগরিকদের পাশাপাশি প্রবাসীদের জন্য হজের নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে সৌদি আরব। গতকাল রবিবার (১১ ফেব্রুয়ারি) থেকে এ নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় চলতি বছরের হজের জন্য অভ্যন্তরীণ হজযাত্রী, নাগরিক এবং প্রবাসীদের নিবন্ধনের জন্য ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করছে। আর হজ নিবন্ধনের জন্য বেশ কিছু প্যাকেজ চালু করেছে দেশটির সরকার।
প্যাকেজগুলোর মাধ্যমে এবার অভ্যন্তরীণ হাজি ও নিজ দেশের নাগরিক ও প্রবাসীদের জন্য এবার হজের খরচ কমিয়েছে সৌদি আরব। খবর গালফ নিউজ।
সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় জানায় নিজেদের ওয়েবসাইট ও নুসুক অ্যাপের মাধ্যমে খুব সহজেই হজের নিবন্ধন করা যাবে। এছাড়া এবার অভ্যন্তরীণ হাজি— নিজ নাগরিক ও প্রবাসীদের জন্য হজের খরচ কমানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এবার অভ্যন্তরীণ হাজিদের জন্য চারটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে যার মধ্যে একটি ‘কম খরচের’ প্যাকেজ। এই প্যাকেজটির মূল্য কমিয়ে করা হয়েছে ৩ হাজার ১৪৫ সৌদি রিয়াল। যা বাংলাদেশি মুদ্রায় ৯১ হাজার ৮৬৫ টাকা।
এছাড়া পবিত্র স্থানগুলোতে আল মাসেয়ার ট্রেন সার্ভিসের ভাড়া ৪০০ রিয়াল থেকে ৩০০ রিয়াল (৮,৭৬৩ টাকা) করা হয়েছে বলেও জানা গেছে। তবে এ বিষয়টি এখনো নিশ্চিত করেনি হজ ও উমরাহ মন্ত্রণালয়।
২০১০ সালে হাজিদের পরিবহণের জন্য আল মাসেয়ার ট্রেন সার্ভিস চালু করা হয়। এই সার্ভিসের ট্রেনগুলো মিনা, আরাফাত এবং মুজদালিফাহর ৯টি স্টেশনের মধ্যে চলাচল করে। শাটল ট্রেন সার্ভিসের মাধ্যমে পবিত্র নগরী মক্কার সঙ্গে সৌদির অন্যান্য অঞ্চলকে সংযুক্ত করা হয়েছে।
আগামী জুনে হজের নতুন মৌসুম শুরু হবে। তবে এবার আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। অন্যবার পবিত্র মক্কায় নির্দিষ্ট দেশের জন্য নির্দিষ্ট স্থান বরাদ্দ রাখা হতো। তবে এবার নিয়ম করা হয়েছে, যেসব দেশ আগে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবে সেসব দেশ অগ্রাধিকার ভিত্তিতে স্থান বরাদ্দ পাবে।