সৌদির তেল শোধনাগারে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রাস তানুরার আকাশে চারটি ড্রোন শনাক্ত করে সেগুলো ভূপাতিত করা হয়েছে। 

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৬ এএম

সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়ে উঠেছে। তেল স্থাপনা ও সমুদ্রবন্দরের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার মধ্য দিয়ে দুই পক্ষের সংঘাত নতুন মাত্রা পেয়েছে। খবর সিএনএন। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান প্রদেশের একটি তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে নেপালের এক কর্মী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়। 

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হামলার পর শোধনাগারটিতে আগুন ধরে যায় এবং সাময়িকভাবে এর কিছু কার্যক্রম বন্ধ রাখতে হয়।

এর এক দিন আগেই সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার রাস তানুরায় হামলার দাবি করেছিল হুথিরা। বুধবার তোলা স্যাটেলাইট চিত্রে উপকূলীয় ওই এলাকা থেকে আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। 

হুথিদের নিয়ন্ত্রণাধীন সশস্ত্র বাহিনী জানায়, হামলায় রাস তানুরায় আগুন ধরে যায়। সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত এই স্থাপনা বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনালের অংশ। 

বৃহস্পতিবার সিএনএনকে এক জাহাজ চলাচলবিষয়ক সূত্র জানায়, হামলার পর টার্মিনালটি থেকে তেল ওঠানো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে কার্যক্রম আবার শুরু হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রাস তানুরার আকাশে চারটি ড্রোন শনাক্ত করে সেগুলো ভূপাতিত করা হয়েছে। ড্রোনের ধ্বংসাবশেষ নিচে পড়লেও এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রতিদিন ৫ লাখ ৫০ হাজার ব্যারেল তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে রাস তানুরা শোধনাগারের। এটি সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত একটি বৃহত্তর জ্বালানি অবকাঠামো কমপ্লেক্সের অংশ। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর আগে এই কমপ্লেক্সেই সৌদি আরবের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল ছিল।

এ বিষয়ে মন্তব্য জানতে সৌদি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর সঙ্গে যোগাযোগ করেছিল সিএনএন। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।

বুধবার রিয়াদের কিং আবদুল্লাহ ইকোনমিক সিটিতে হামলার দায়ও স্বীকার করেছে হুতিরা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় ১১ জন আহত হয়েছেন।

এক প্রত্যক্ষদর্শী সিএনএনকে জানান, হামলার লক্ষ্যবস্তু হওয়া বহুতল ভবনটিতেই সৌদি আরবের এক ট্রিলিয়ন ডলারের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) প্রধান কার্যালয় অবস্থিত।

পরে বুধবার সৌদি নেতৃত্বাধীন জোট এক বিবৃতিতে জানায়, হুথিদের একটি ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়েছে। এর জবাবে ‘কঠোর প্রতিক্রিয়া’ দেখানোরও হুঁশিয়ারি দেয় জোটটি। 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত