প্যারিস অলিম্পিকে খেলতে হলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে জিততেই হবে আর্জেন্টিনাকে। আর ড্র হলেই চলবে ব্রাজিলের। যে দল হারবে তাদেরকে বিদায় নিতে হবে বাছাইপর্ব খেলেই। এমন সমীকরণের ম্যাচে শেষ হাসি হেসেছেন মাসচেরানোর আর্জেন্টিনা। রাতের ম্যাচে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া আর্জেন্টিনা ১-০ ব্যবধানে জিতে প্যারিসে যাওয়ার যোগ্যতা অর্জন করে। ম্যাচের ৭৮ মিনিটে মহামূল্যবান সেই গোলটি করেন লুসিয়ানো গুন্দু। আর অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে থেকেও শেষ পর্যন্ত অলিম্পিকে যাওয়ার টিকিট কাটতে ব্যর্থ হয় ২০১৬ ও ২০২০ অলিম্পিকে স্বর্ণজয়ী ব্রাজিল।
ম্যাচ শেষে আর্জেন্টিনার ত্রাতা বনে যাওয়া একমাত্র গোলদাতা গুন্দো নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন এভাবে, ‘সত্যি কথা বলতে, এ জয় আমাদের প্রাপ্য। আমরা কোনো ম্যাচ হারিনি। কোয়ালিফাই করতে পারাটা দারুণ ব্যাপার। সবাই খুবই উচ্ছ্বসিত।’
ডিবক্সের অনেকটা বাইরে থেকে একটি মাপা ক্রস শট নেন ব্রাইটনে খেলা আর্জেন্টাইন তরুণ ভ্যালেন্টিন বার্কো। অনেকখানি দৌড়ে এসে সেই ক্রসে মাথা ছোঁয়ান লুসিয়ানো গুন্দু। তাতেই ভাঙে ব্রাজিলের রক্ষণ। ওই এক গোলেই মীমাংসা হয় ম্যাচের।
২২ বছর বয়সী গুন্দো আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে খেলে থাকেন ঘরোয়া লিগ কোপা ডি লা লিগা প্রফেশনালে। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ এর হয়ে ১১ ম্যাচে ৪টি গোল করেছেন এ সেন্টার ফরোয়ার্ড।
এবার প্যারিস অলিম্পিকে নিজের ঝলক দেখানোর পালা আলবিসেলিস্তে এ যুবার। আগামী ২৪ জুলাই থেকে ১০ আগস্ট ফ্রান্সের সাতটি ভেন্যুতে বসবে এবারের আসর।