মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতকে কেন্দ্র করে সীমান্ত পরিস্থিতি বিবেচনায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের একটি স্কুলের এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
এসএসসি পরীক্ষার ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্র স্থানান্তর করে উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ ও ২ এ নির্ধারণ করা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এর আগে সোমবার দুপুরে ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। পরিদর্শন শেষে তিনি জানান, সীমান্তের চলমান পরিস্থিতিতে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্রটি পরিবর্তনের জন্য মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করেছে।
পালিয়ে আশ্রয় নেয়া ৩৩০ বিজিপি সদস্যসহ অন্যান্যদের ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে তোফায়েল বলেন, বিষয়টি নিয়ে বাংলাদেশ ও মিয়ানমার কর্তৃপক্ষের মধ্যে আলোচনা চলছে। ২-৩ দিনের মধ্যে এটি চূড়ান্ত হবে।