যশোর বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলো ৭৫৩ শিক্ষার্থী

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পিএম

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এসএসসি ২০২৬ পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ১ হাজার ৬৮৪ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৫৩ জন ও পাস করেছে ৩৮০শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে খাতা পুনর্নিরীক্ষণে ফলাফল দেওয়ার সময় এসব তথ্য তুলে ধরেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী।

তিনি জানান, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করে ২৫ বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য ৭৪ হাজার ৭১৭টি আবেদন জমা পড়ে। এসব আবেদনের মধ্যে ১ হাজার ৬৮৪ জনের ফলাফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৭৫৩ ও পাস করেছে ৩৮০ শিক্ষার্থী। নতুন করে পাস করা ৩৮০ জনের মধ্যে এ গ্রেড পেয়েছে একজন, এ মাইনাস পেয়েছে তিন, বি গ্রেড পেয়েছে ৩৩, সি গ্রেড পেয়েছে ১৯, ডি গ্রেড পেয়েছে ৩২৪ জন। এছাড়াও ফলাফল পরিবর্তিতদের মধ্যে ডি থেকে এ মাইনাস পেয়েছে একজন ও সি গ্রেড পেয়েছে ১৪ জন। সি থেকে এ গ্রেড ও এ মাইনাস পেয়েছে একজন করে, বি গ্রেড পেয়েছে ৬৫ জন। বি থেকে জিপিএ-৫ পেয়েছে দুইজন, এ গ্রেড পেয়েছে ১২ জন ও এ মাইনাস পেয়েছে ১৫০ জন। এ মাইনাস থেকে জিপিএ-৫ পেয়েছে ১৯ ও এ গ্রেড পেয়েছে ৩০৮। এ গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছে ৭৩১ জন।

এবিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম হোসেন আলী বলেন, এবারের এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের জন্য যশোর শিক্ষাবোর্ডে ২৫ বিষয়ে ৭৪ হাজার ৭১৭ টি আবেদন জমা পড়ে। এবারই সর্বপ্রথম পুনর্নিরীক্ষণের প্রতিটি খাতা পুনরায় মূল্যায়ন করা হয়েছে। যার ফলে ১ হাজার ৬৮৪ শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।

তিনি বলেন, জিপিএ-৫এর সংখ্যাও বেশ কিছু বেড়েছে। যেসব শিক্ষকদের ত্রুটির জন্য এসব ভুল হয়েছিল সেসব শিক্ষকদের বিরুদ্ধে পরীক্ষা আইনে ব্যবস্থা নেওয়া হবে। ২০২৭ সালের পরীক্ষায় তাদের কাউকে খাতা দেখার দায়িত্ব দেয়া হবে না।

সর্বশেষ সর্বাধিক পঠিত