সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল মুসলিম লীগ-নওয়াজে (পিএমএল-এন) যোগ দিয়েছে ছয়জন স্বতন্ত্র সদস্য। রবিবার তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) স্বতন্ত্র সদস্য ওয়াসিম কাদির প্রথম পিএমএল-এনে যোগ দেন। এরপর আরও পাঁচজন সদস্য দলটিতে নাম লেখাল।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, পিএমএল-এন ও পিপলস পার্টি (পিপিপি) জাতীয় ও প্রাদেশিক পরিষদে মোট আসনের সংখ্যা বাড়াতে স্বতন্ত্র সদস্যদের দলে ভেড়ানোর চেষ্টা করছে। ইতোমধ্যে নির্বাচিত ছয়জন স্বতন্ত্র পিএমএল-এনে যোগ দিয়েছে। এর মধ্যে রয়েছেন ওয়াসিম কাদির, রাজা খুররম নওয়াজ, ব্যারিস্টার আকিল, পীর জহুর হুসেন কুরেশি, সরদার শমসের মাজারি এবং ব্যারিস্টার মিয়া খান বুগতি।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানে জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৬৬ আসনের (একটি আসনে ভোট স্থগিত ছিল) মধ্যে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে ৯৩ আসনে। দ্বিতীয় স্থানে থাকা নওয়াজের দল পেয়েছে ৭৫ আসন। ৫৪ আসন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বিলাওয়াল ভুট্টোর দল পিপিপি।