সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল মুসলিম লীগ-নওয়াজে (পিএমএল-এন) যোগ দিলেন পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান সমর্থিত বিজয়ী প্রার্থী ওয়াসিম কাদির। রবিবার (১১ ফেব্রুয়ারি) লাহোরের এনএ-১২১ আসন থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হওয়া ওয়াসিম এ ঘোষণা দেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, পিএমএল-এনের ভেরিফায়েড এক্স হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার দেওয়া হয়েছে। সেই ভিডিওতে ওয়াসিমকে বলতে শোনা যায় ‘আমি আমার ঘরে ফিরেছি।’
দলটির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের পাশে দাঁড়িয়ে ওয়াসিম এ ঘোষণা দেন। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে পিটিআইয়ের মন্তব্য জানা যায়নি।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৬৬ আসনের (একটি ফল ঘোষণা স্থগিত ও একটিতে ভোট হয়নি) মধ্যে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জিতেছে ৯৩ আসনে। দ্বিতীয় স্থানে থাকা নওয়াজের দল পেয়েছে ৭৫ আসন। ৫৪ আসন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বিলাওয়াল ভুট্টোর দল পিপলস পার্টি (পিপিপি)।
বিলাওয়ালকে প্রধানমন্ত্রী করলেই জোটে রাজি পিপিপি