এবার অভিনয়ে পারশা মাহজাবীন

গায়িকা হিসেবেই বেশ পরিচিত পারশা মাহজাবীন পূর্ণী। সারা বছর গান নিয়ে ব্যস্ত থাকলেও এবার অভিনয়েও থাকছেন তিনি। তাকে দেখা যাবে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘লাভ লাইন’ এ। এর আগে এয়ারটেল, নেসক্যাফেসহ বিভিন্ন বিজ্ঞাপনে মডেল হলেও অভিনয় এবারই প্রথম। 

প্রথম নাটকেই সহশিল্পী হিসেবে পেয়েছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানকে। নাটকটি পরিচালনা করেছেন প্রবীর রায় চৌধুরী।

নাটকের পাশাপাশি ভ্যালেন্টাইনে নিজের ইউটিউব চ্যানেলে ‘প্রথম প্রেমের গান’ শিরোনামে একটি গানও প্রকাশ করতে যাচ্ছেন পারশা। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘সাইকেল ব্যান্ড’র লিড ভোকালিস্ট পলাশ শাকিল। গানটির কথা ও সুর তার নিজের। সংগীত আয়োজন করেছেন শরীফুল ইসলাম সুমন। 

২০২০ সালে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু কাভার গান করে অনুপম রায়-তাহসানসহ অনেকেরই নজর কাড়েন পারশা। নিজ হাতে গ্লাসে পানি ঢেলে চামচের সাহায্যে তাতে প্রচলিত গানের সুর তুলে জলতরঙ্গ তৈরি করে তুমুল আলোচনায় আসেন তিনি। এরপর কিছু নাটকের গানে কণ্ঠ দিতে দেখা যায় তাকে। তাহসান-তানজিন তিশার ‘লাইট ক্যামেরা অ্যাকশন’, ইয়াশ রোহান-তটিনীর ‘যে প্রেম এসেছিলো’, তিশার ‘পুতুলের সংসার’, জোভান ও কেয়া পায়েলের ‘কপি পেস্ট’ নাটকের থিম সং গুলোতে কণ্ঠ দেন তিনি।

তবে নিজ চ্যানেলে এটাই তার প্রথম মৌলিক গান। তার নাটক ও গান দুটোই প্রকাশ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে।