নান্নু-বাশার বাদ, লিপুর নেতৃত্বে নতুন নির্বাচক প্যানেল

মেয়াদ শেষ হয়েছিল গত ডিসেম্বরেই। মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমনের মেয়াদ বাড়ানো হয়েছিল আরেকটি ক্রিকেট বোর্ড বৈঠক করতে না পারায়। শোনা যাচ্ছিল, নান্নু থাকছেন না প্রধান নির্বাচক। হাবিবুল বাশারের নেতৃত্বে নতুন নির্বাচক প্যানেল করা হচ্ছে। কিন্তু বিকেলে বিসিবি পরিচালকদের বৈঠকে নান্নুর সাথে বাশারকেও বাদ দেয়া হয়েছে। নতুন প্রধান নির্বাচক করা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফু হোসেন লিপুকে। আব্দুর রাজ্জাককে রেখে দেয়া হয়েছে। যুক্ত করা হয়েছে সাবেক ক্রিকেটার হান্নান সরকারকে। এতদিন যিনি জুনিয়র নির্বাচক কমিটির সদস্য ছিলেন। 

গাজী আশরাফকে নিয়ে নাজমুল হাসান পাপন বলেন, 'যে নামগুলি আমাদের কাছে এসেছিল, তাদের মধ্যে তার নামটিই সবচেয়ে উল্লেখযোগ্য ছিল এবং তাকে নিয়ে কোনো সংশয়ই ছিল না। একটি ব্যাপারই জানার ছিল, তিনি রাজি আছেন কি না। তার কাছ থেকে নিশ্চয়তা পাওয়ার পর এটি নিয়ে আসলে আর কিছু ভাবতে হয়নি।'

এই দায়িত্ব দিয়েই বোর্ডের সঙ্গে ফের যুক্ত হচ্ছেন গাজী আশরাফ লিপু। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক আগে ছিলেন বিসিবি পরিচালক। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এখন এই বিভাগের অধীনেই নতুন ভুমিকায় ফিরলেন তিনি।

বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচে অধিনায়ক ছিলেন গাজী আশরাফ। ১৯৮৬ সালের সেই এশিয়া কাপ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ৭টি ওয়ানডে খেলেছেন সাবেক এই অলরাউন্ডার। সবকটিতেই তিনি ছিলেন অধিনায়ক। ঘরোয়া ক্রিকেটেও ব্যাটে-বলে তিনি ছিলেন দারুণ সফল, নেতৃত্বেও ছাপ রেখেছিলেন আলাদা করে।