জামালপুরের ইসলামপুর উপজেলায় কলা চুরির অভিযোগে সালমান শাওন নামে এক কলেজছাত্রকে হাত বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে নির্যাতনের দুইটি ভিডিও ক্লিপ ফেসবুকে ভাইরাল হয়েছে। নির্যাতনের শিকার শাওন পৌর শহরের পলবান্দা উজানপাড়ার এলাকার আকরাম হোসেন নেদার ছেলে। সে বেলগাছা হাইস্কুল অ্যান্ড বিএম কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
গত শনিবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌর শহরের মোশারফগঞ্জ তেঘুরিয়া এলাকায় ঘটনাটি ঘটে। গুরুতর আহত শাওন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আজিম মিয়া (১৯) ফজলুল (৪৫) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। তারা পৌর শহরের মোশারফগঞ্জ তেঘুরিয়ার গ্রামের বাসিন্দা।
ভিডিও ক্লিপে দেখা যায়, রাতে শাওনের দুই হাত পেছন দিক থেকে বাঁধা। হাত বেঁধে শাওনকে ঘরের বারান্দার গ্রীলের সঙ্গে রশি দিয়ে আটকে রাখা হয়। একজন লোক বাঁশ দিয়ে এলোপাতাড়ি আঘাত করছে।
নির্যাতনের শিকার শাওন মিয়ে বলেন, আমি প্রতিদিন মোশাররফগঞ্জ বাজারে আড্ডা দেই। ওই দিন তারা আমাকে অনুসরণ করছিল। আমাকে ডেকে নিয়ে তারা এমনভাবে নির্যাতন করবে সেটা আমার জানা ছিল না।
এ ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন ভোক্তভোগীর পরিবার ও স্থানীয় কাউন্সিলর ছামিউল ইসলামসহ এলাকাবাসী। তারা জানান, পূর্ব শত্রুতার জেরধরে শাওনকে এভাবে নির্যাতন করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, নির্যাতনের ঘটনার ভিডিও ক্লিপ দেখে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।