টেস্ট ক্রিকেট থেকে বিরতি চেয়েছিলেন তাসকিন আহমেদ। কাঙ্ক্ষিত সেই বিরতি পাচ্ছেন তিনি। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে দীর্ঘ পরিসরের ক্রিকেটে রাখা হয়নি এই পেসারকে। ২০২৪’ বাকি সময়টা তিনি শুধু সাদা বলের ক্রিকেটই খেলবেন। আরেক পেসার শরিফুল ইসলাম প্রথমবারের মতো ঠাঁই পেয়েছেন তিন সংস্করণেই।
প্রথমবারের মতো বোর্ডের চুক্তিতে জায়গা পেয়েছেন তাওহিদ হৃদয় ও প্রতিভাবান আরেক তরুণ পেসার তানজিম হাসান সাকিব।
বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সোমবার অনুমোদন করা হয় কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা। গত দুই বছরের মতো এবারও চুক্তিতে রাখা হয়েছে ২১ ক্রিকেটারকে।
চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকা পেসার এবাদত হোসেন ছিটকে গেছেন চুক্তি থেকেও। এছাড়াও বাদ পড়েছেন আফিফ হোসেন ও মোসাদ্দেক হোসেন।
গত বছর টেস্ট ও ওয়ানডের চুক্তিতে থাকা তামিম ইকবাল এবার নেই চুক্তিতে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বেশ কিছুদিন আগেই বলেছিলেন, চুক্তিতে না রাখতে নিজে থেকেই অনুরোধ করেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ গত বছরের মতো এবারও আছেন শুধু ওয়ানডেতে। সম্প্রতি অবশ্য ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে স্বয়ংক্রিয় পছন্দ হতে পারেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তবে চুক্তিতে ২০ ওভারের ক্রিকেটে তাকে রাখা হয়নি।
এক বছর বিরতির পর টেস্টের চুক্তিতে ফিরেছেন অফ স্পিনার নাঈম হাসান। দল থেকে বাদ পড়লেও টি-টোয়েন্টির চুক্তিতে টিকে গেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। গত বছর টেস্ট ও টি-টোয়েন্টির চুক্তিতে থাকা নুরুল হাসান সোহান এবার আছেন স্রেফ টি-টোয়েন্টিতে।
নতুন এই চুক্তির মেয়াদ শুরু হয়ে গেছে জানুয়ারি থেকেই। কেন্দ্রীয় চুক্তির পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটের ৮৫ ক্রিকেটারের চুক্তির তালিকাও অনুমোদন করা হয়েছে এ দিন।
কেন্দ্রীয় চুক্তির তালিকা
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি: লিটন দাস, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম
টেস্ট ও ওয়ানডে: মুশফিকুর রহিম
শুধু টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সৈয়দ খালেদ আহমেদ, নাইম হাসান
শুধু ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব
ওয়ানডে ও টি-টোয়েন্টি: তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ
শুধু টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান