মেডিকেল ভর্তি পরীক্ষায় নকল না করেও এক পরীক্ষার্থীর উত্তরপত্র ছেঁড়ার ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তর। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. টিটো মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক কাজী আফজালুর রহমানকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিতে সদস্য সচিব করা হয়েছে অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমানকে। কমিটির অন্য দুই সদস্য হলেন ঢাকা মেডিকেল কলেজের থোরাসিক সার্জারি বিভাগের অধ্যাপক কামরুল আলম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. কামাল হোসেন।
গতকাল রবিবার (১১ ফেব্রুয়ারি) মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ফলাফলের পরেই ওএমআর শিট ছিঁড়ে ফেলার অভিযোগ জানাতে অধিদপ্তরে ছুটে আসেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ৩টার দিকে ব্রিফিং শেষে স্বাস্থ্যমন্ত্রীর অধিদপ্তর ত্যাগ করার ঠিক পরেই সেখানে হট্টগোল ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে অধিদপ্তর ভবনের নিচ থেকে উপরে তোলার চেষ্টা করছিলেন কয়েকজন ব্যক্তি। বিষয়টি নজরে আসে সাংবাদিকদের। পরে সাংবাদিকদের উপস্থিতিতে রেহাই পান ওই ব্যক্তি।
জানা যায়, ভুক্তভোগী ব্যক্তির নাম ডা. রেদোয়ান। তিনি জানান, মেডিকেলের ভর্তি পরীক্ষার কেন্দ্রে স্ত্রীর ছোটবোন হুমাইরা ইসলাম ছোঁয়া অন্যায় আচরণের শিকার হন। সে বিষয়ে পরিবারের সদস্যদের নিয়ে অভিযোগ জানাতে এসেছিলেন তিনি। পরীক্ষার ফল ঘোষণার পর স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন অধিদপ্তর ত্যাগের সময় তার হাতে এ বিষয়ে অভিযোগও তুলে দিয়েছিলেন তিনি।
ভুক্তভোগীরা জানান, হুমাইরা ইসলাম ছোঁয়া মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ নেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শেখ কামাল ভবনের অষ্টম তলার ৮২৩ নম্বর কক্ষে। পরীক্ষা শুরুর প্রায় ৪০ মিনিট পর হুমাইরার পাশে বসা এক পরীক্ষার্থীর কাছ থেকে ইলেক্ট্রনিক ডিভাইস জব্দ করা হয়। এ সময় হলের দায়িত্বে থাকা শিক্ষকরা হুমাইরার উত্তরপত্রও কেড়ে নেন এবং ছিঁড়ে ফেলেন।
এ সময় দাবির মুখে যাচাই করে হুমাইরার উত্তরপত্র সঠিক ছিল বলে প্রমাণ হয়। পরে দুঃখ প্রকাশ করে তাকে নতুন একটি ওএমআর শিট দেওয়া হয়। তবে তখন সময় বাকি ছিল অল্প। এতে হুমাইরার সব স্বপ্ন শেষ হয়ে যায়। কক্ষের দায়িত্বে থাকা ব্যক্তির ভুলের শিকার হন ওই ভর্তিচ্ছু।