কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় শতকরা ৬৭ জন শিক্ষার্থী উপস্থিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিজ্ঞান ও প্রকৌশন অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। সকাল ১১টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতি আসনের বিপরীতে লড়েছে ১০৪ জনের বেশি ভর্তিচ্ছু।
এবার 'এ' ইউনিটে মোট আসন সংখ্যা ৩০০টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৬ হাজার ৩৩৬টি। তবে পরীক্ষায় অংশ নিয়েছেন ৩১ হাজার ২৪১ ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়েছে ১০৪ জনের বেশি।
ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার অধ্যাপক ড. ম. আনোয়ার হোসেন জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১৯ হাজার ৪৬৫ জন ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১১ হাজার ৭৭৬ জন শিক্ষার্থী উপস্থিত হয়েছে। দুইটি কেন্দ্রে মোট ৩১ হাজার ২৪১ জন পরীক্ষা দিয়েছে।
আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) ‘বি’ ও ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
