'মেসি-রোনালদো একসঙ্গে খেললে সেটা হবে বোমার মতো'

লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো, এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় ফুটবলারদেরও। তাদেরও বিপাকে পড়তে হয় এই দুজনের মধ্যে একজনকে বেছে নিতে। এবার তেমনই সমস্যায় পড়লেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ তারকা দানি কারভাহাল।

শ্রেষ্ঠত্বের প্রশ্নে মেসি-রোনালদোর কাউকে আলাদা করতে পারেননি রাইটব্যাক কারভাহাল। রিয়ালে রোনালদোর সঙ্গে ৫ বছর খেলেছেন কারভাহাল। আর মেসিকে পেয়েছে প্রতিপক্ষ হিসেবে।

এক সাক্ষাৎকারে কারভাহাল বলেন, ‘মেসি বা রোনালদো? আমি দুজনকে এক কাতারেই রাখব। আমি একজনের ওপরে অন্য জনকে রাখতে চাই না। আমি মনে করি তারা ভিন্ন ধরনের খেলোয়াড়। মেসি এমন খেলোয়াড় যে নিচে নেমে বল গ্রহণ করতে পারেন এবং আক্রমণ তৈরি করতে পারেন। এরপর তিনি খেলাটিকে এগিয়ে নেন এবং সুযোগও সৃষ্টি করেন।’

রোনালদো সম্পর্কে কারভাহাল বলেন, ‘গোল করা, আক্রমণ এবং ফিনিশিংয়ে রোনালদো একজন দানব। যদি তারা (মেসি-রোনালদো) একসঙ্গে খেলেন, সেটা হবে বোমার মতো।’ 

কারভাহালের এই স্বপ্ন অবশ্য পূরণ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। মেসি খেলছেন মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে। আর রোনালদো খেলছেন সৌদি প্রো লিগের দল আল নাসরে।