সিঁদুর কারখানায় আগুন

মাদারীপুর জেলার শিবচরে সিঁদুর তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে কারখানাটি পুড়ে ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষের দাবি।

তবে অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা।

এঘটনায় শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে এঘটনা ঘটে।

অভিযোগে জানা যায়, শিবচর পৌরসভার চর শ্যামাইল কাজীর দোকান এলাকায় ব্যবসায়ী রবীন্দ্রনাথ মন্ডলের 'রাজলক্ষী এম্পোরিয়াম' নামে একটি সিঁদুর তৈরির কারখানা স্থাপন করে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। সোমবার গভীর রাতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কারখানাটি পুড়ে ২২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

কারখানা মালিক রবীন্দ্রনাথ মন্ডলের দাবি, কে বা কাহারা শত্রুতাবশত কারখানায় অগ্নিসংযোগ করে ক্ষতিসাধন করেছে। এ ব্যাপারে রবীন্দ্রনাথ মন্ডল মঙ্গলবার শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

কারখানা মালিক রবীন্দ্রনাথ মন্ডল বলেন, 'আমার কারখানায় আগুনের কোনো কাজ করা হয় না। দুটি বৈদ্যুতিক লাইট চালিয়ে কাজ করা হয়। গতকাল সন্ধ্যার সময়ও বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে আমরা চলে যাই। রাতে আগুনের ঘটনা ঘটে। এতে আমার ধারণা কেউ ইচ্ছে করে শত্রুতাবশত অগ্নিসংযোগ করে আমার এতবড় ক্ষতিসাধন করেছে। আমার প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি সুষ্ঠ তদন্তের মাধ্যমে এর বিচার চাই।'

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, 'খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেয়েছি। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'