জামালপুর বিসিক শিল্পনগরীতে একটি বিরল প্রজাতির বন্যপ্রাণী গন্ধগোকুল আটক করে ওখানকার শ্রমিকরা। পরে বন বিভাগকে খবর দিলে তারা এসে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যায়।
আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের বিসিক শিল্পনগরী এলাকা থেকে প্রাণীটি আটক করা হয়।
জানা যায়, বিসিক শিল্পনগরীর আরসিআই লিমিটেডের গোডাউনের বাইরের পেছন অংশে পেঁপে গাছের নিচে গন্ধগোকুলটি রোদ পোহাচ্ছিল। এসময় সেই কারখানার শ্রমিক মান্নান সুকৌশলে অক্ষত অবস্থায় প্রাণীটি ধরে ফেলেন। পরে তারা জামালপুর বন বিভাগকে খবর দিলে কর্মকর্তারা এসে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যায়।
জামালপুর সামাজিক বনায়ন প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম জানান, প্রাণীটির নাম গন্ধগোকুল। চিকিৎসা দেওয়ার পর বনে অবমুক্ত করা হবে।