কুমিল্লার নাঙ্গলকোটে ইউপি সদস্যের গাছ থেকে পড়ে বদিউল আলম বদি (৪৮) নামে এক গাছির মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলা ঢালুয়া ইউপির চৌকুড়ী গ্রামে এঘটনা নিয়ে। ওই গাছি একই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বদিউল আলম মঙ্গলবার সকালে ঢালুয়া ইউপি সদস্য চৌকুড়ী গ্রামের জামাল উদ্দিনের বাড়ির ঈদগাহের গাছ কাটাতে যায়। সেখানে গিয়ে একটি আকাশমনি গাছের ওপর উঠে ডাল-পালা কাটার সময় হঠাৎ গাছ থেকে পড়ে ঘটনাস্থলে মারা যায়।
এবিষয়ে জামাল উদ্দিন বলেন, ৪০টি গাছ একই গ্রামের এতিম আলীর কাছে বিক্রি করি। গত কয়েক দিনে সব গাছ কাটা হয়ে গেছে। শুধু একটি গাছ কাটার বাকি রয়েছে। সকালে গাছটি কাটার উদ্দেশ্যে বদি গাছের ওপরের দিকে উঠে ডালপালা কাটার সময় হঠাৎ গাছ থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনাটি পুলিশকে জানাইনি, পরে জানাব।
নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী বলেন, এঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেব।