গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় রিজান মিয়া (১৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার পান্তাপাড়া এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর একই উপজেলার তুলশীপাড়া এলাকার সেকেন্দার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, রিজান মিয়া বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। পথে পান্থাপাড়া এলাকায় এলে রংপুরগামী একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশন অফিসার আরিফ আনোয়ার। তিনি জানান, নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান জানান, নিহত পরিবারের সদস্যকে জানানো হয়েছে। ট্রাক ও বাইসাইকেলটি থানায় আনা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।