রাজধানীর শাহবাগে ফুলতলা ফ্লাওয়ার সপে ফুলের দাম বাড়ানোর কারণ জানতে চাওয়ায় ঢাবির তিন সাংবাদিকের ওপর হামলা করেছে ওই দোকানের কর্মচারীরা। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে শাহবাগের পাইকারি ফুলের দোকান মালিক সমিতির নেতা শেখ মো. মেরিনের দোকানো এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাহবাগ থানায় মামলার আবেদন করেছে ভুক্তভোগীরা।
মারধরের শিকার তিন সাংবাদিক হলেন- নিউজ বাংলা টোয়েন্টিফোর ডটকমের বিশ্বদ্যালয় প্রতিনিধি মনিরুল ইসলাম, রেডিও টুডের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ইমদাদুল আজাদ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল সরকার। তাদের মধ্যে ইমদাদুল আজাদের ডান চোখে মারাত্মকভাবে জখম হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার ভুক্তভোগী মনিরুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় মামলার আবেদন করেছেন। এতে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তরা হলেন- পায়েল (৩৫), সাল্লু (২৭), আব্দুর রাজ্জাক (৩৫), বুলু (৩২), দিদার (৩১), বাবু (৩০), জাহাঙ্গীর (৩২)। তারা সবাই শাহবাগ ফুল মার্কেটের কর্মচারী।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে নিউজ বাংলার বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মনিরুল ইসলাম এবং বিডিনিউজ২৪ বাংলার রাসেল সরকার পয়লা ফাল্গুন উপলক্ষে ফুলের ক্রয়-বিক্রয়ের অবস্থার সংবাদ সংগ্রহ করতে যান। এসময় মার্কেটে ফুলের দাম বাড়ার কারণ জানতে ফুলতলা ফ্লাওয়ার সপে কর্মরত পায়েল নামে একজনের সঙ্গে বলতে চাইলে খারাপ আচরন করেন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মনিরুল ইসলামের ওপর হামলা করা হয়। এসময় আশপাশের কর্মচারীরাও তাদের সঙ্গে যুক্ত হয়। ঘটনার সময় পুলিশ পাশে থাকলেও হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহবাগ ফুলতলা ফ্লাওয়ার সপের মালিক মো. মেরিন শেখ বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। ঢাকার বাইরে আছি। শুনেছি দোকানে ঝামেলা হয়েছে। আমাদের দোকান ভাঙচুর করা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান বলেন, সাংবাদিকদেরকে শাহবাগ মোড়ের ফুল মার্কেটে মারধর করা হয়েছে এমন অভিযোগ পেয়েছি। বিষয়টির মামলা প্রক্রিয়াধীন আছে।