যাত্রীবাহী বাস থেকে ২০ স্বর্ণের বার উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস থেকে ২০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় দুই জনকে আটক করা হয়। বুধবার (১৪ ফ্রেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নড়াইল এক্সপ্রেস নামের একটি বাসে তল্লাশি চালিয়ে এই স্বর্ণ বার এবং দুজনকে আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা হলেন যশোরের বেনাপোলের মো. আব্দুল মান্নানের ছেলে মো. মোস্তফা (৩৫) ও যশোরের নিমটা এলাকার হামিদ মন্ডলের ছেলে নাজিম মন্ডল (৩৪)। উদ্ধার করা স্বর্ণের অনুমান মূল্য দুই কোটি টাকা।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের যাত্রী মোস্তফা ও নাজিমের কাছ থেকে পলিথিনে মোড়ানো চারটি প্যাকেটে ২০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।