পেটের ভেতরে লুকিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টা করার সময় সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার পেট থেকে প্রায় ৮১৩ গ্রাম স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা।
সোমবার (২ নভেম্বর) সকালে ভোমরা আইসিপি (ইমিগ্রেশন চেকপোস্ট) এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে আটক সোনাকারবারিকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃত ব্যক্তির নাম জহির শাহ গোলাম হোসেন (৪৩)। তিনি ভারতের মুম্বাইয়ের ছিতা ক্যাম্প এলাকার গোলাম হোসেন শের খানের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর একটি বিশেষ গোয়েন্দা দল আগে থেকেই স্বর্ণ চোরাচালানের তথ্য পায়। এর ভিত্তিতে সন্দেহভাজন জহির শাহকে আটক করে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বিশেষ প্রক্রিয়ায় তার মলদ্বারে লুকিয়ে রাখা দুটি প্যাকেট থেকে স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান গতকাল সোমবার রাত ১১টার পর গণমাধ্যমগুলোতে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠান।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে বিভিন্ন অবৈধ পন্থায় স্বর্ণ চোরাচালানের চেষ্টা করছে। সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আটক জহির শাহ গোলাম হোসেনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়েছে।
হাতিবান্ধা সীমান্তে ভারতীয় মাদক আটক