বর্ণবাদের শিকার হলেন লাল কার্ড দেখা উপামেকানো

উয়েফা চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে শেষ ষোলোর ম্যাচে লাৎসিও'র বিপক্ষে লাল কার্ড দেখেন বায়ার্ন মিউনিখের দায়োত উপামেকানো। ফরাসি এই ডিফেন্ডার লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বর্ণবাদের শিকার হয়েছেন বলে দাবি করেছে বায়ার্ন।

রোমের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ৬৭ মিনিটে নিজেদের বক্সে ইসাকসেনকে ফাউল করে উপামেকানো সরাসরি লাল কার্ড দেখেন। তার ফাউল থেকে পাওয়া পেনাল্টি থেকে গোল করে জয় পেয়েছে লাৎসিও।

২৫ বছর বয়সী ফরাসি সেন্টার-ব্যাক উপামেকানোকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বায়ার্ন সমর্থকরা। তাকে 'খলনায়ক' বানাতে গিয়ে করেছেন বর্ণবাদী মন্তব্য। বর্ণবাদী হলেও সেটি কি ধরনের মন্তব্য তা উল্লেখ করেনি বায়ার্ন মিউনিখ কৃর্তৃপক্ষ।  

উপমেকানো বর্ণবাদের শিকার হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে বায়ার্ন নিজেদের এক্স অ্যাকাউন্টে লিখেছে, ‘এফসি বায়ার্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দায়োত উপামেকানোর প্রতি বর্ণবাদী মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে। যারা এ ধরনের ঘৃণ্য মন্তব্য করে, তারা আমাদের ক্লাবের সমর্থক হতে পারে না। উপা, আমরা তোমার সঙ্গেই আছি।’

চ্যাম্পিয়নস লিগের ৬৯ বছরের ইতিহাসে ভালোবাসা দিবসে মাত্র ৩ জন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন। ২০০১ সালে এসি মিলানের রকি জুনিয়র, গেল বছরে বায়ার্ন মিউনিখের বেঞ্জামিন পাভার্ড এবং গত রাতে উপামেকানো।