সড়কে মিলল সাংবাদিকের দ্বিখণ্ডিত মরদেহ, পরিবারের দাবি—‘হত্যা’

দৈনিক ভোরের কাগজ পত্রিকার বগুড়ার আদমদীঘি উপজেলা প্রতিনিধি সাংবাদিক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর (৫৬) দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার মুরইল এলাকার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক থেকে পুলিশ মঞ্জুরুলের লাশ উদ্ধার করে। নিহত মঞ্জু উপজেলার উজ্জলতা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে ও দৈনিক ভোরের কাগজের আদমদীঘি উপজেলা প্রতিনিধি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে নিজ গ্রামে পিকনিকের খাবার খেয়ে মঞ্জুরুল ইসলাম মঞ্জু তার প্রতিবেশী জামাই আতোয়ার হোসেনকে মোটরসাইকেলযোগে সাহারপুকুর বাজার এলাকায় রেখে বাড়ি ফিরছিলেন। রাত ১১টার দিকে তিনি মুরইল বাজার অতিক্রম করে জয় ফিলিং স্টেশনের (পেট্রোল পাম্প) কাছে পৌঁছলে অজ্ঞাত কোনো ভারী যানের সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় দেহ থেকে শরীর বিচ্ছিন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

তবে নিহত সাংবাদিক মঞ্জুরুল ইসলামের ছেলে মেজবাউল মুরসালিনের দাবি, তার বাবা সড়ক দুর্ঘটনায় নিহত হননি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার বাবার মৃত্যুর সঠিক রহস্য উদঘটনের দাবিও জানান তিনি।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, অজ্ঞাত কোনো বাস বা ট্রাকের সাথে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিকে মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।