তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফের সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীরা। সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ৬ জন কর্মী আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় সিএফসি এবং সিক্সটি নাই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এর আগে, দুপুরে একদফা সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের উভয় গ্রুপের নেতাকর্মীরা।
জানা যায়, শহর থেকে ক্যাম্পাসগামী শাটল ট্রেনে গ্রুপ দুটির কর্মীদের মাঝে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এ সময় সিএফসি গ্রুপের এক কর্মীকে মারধর করে সিক্সটি নাইনের কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের কর্মীদের মাঝে উত্তেজনা তৈরি হয়। পরে রাতে সংঘর্ষে জড়ায় উভয় গ্রুপ নেতাকর্মীরা।
এ সময় সিক্সটি নাইন গ্রুপের নেতাকর্মীরা শাহজালাল হলের সামনে এবং সিএফসি গ্রুপের নেতাকর্মীরা শাহ আমানত হলের সামনে অবস্থান নেয়। উভয় গ্রুপের কর্মীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এ বিষয়ে সহকারী প্রক্টর মোহাম্মদ রোকন উদ্দিন বলেন, সন্ধ্যার পরে আমানত হলের এক ছাত্র মারধর করে শাহজালাল হলের কিছু ছাত্ররা। এরপর থেকে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়৷ আমরা পরিস্থিতি সামাল দিতে হলে প্রবেশের চেষ্টা করেছি। কিন্তু ছাত্রদের বাধার সম্মুখীন হয়ে প্রবেশ করতে পারিনি। আমরা পুলিশ প্রশাসনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছি।