ইউএস-বাংলা গ্রুপের এমডির শ্বশুরের মৃত্যু

দেশের খ্যাতনামা শিল্পগ্রুপ ইউএস-বাংলার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর দিলরুবা পারভীনের বাবা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা গাজী আবুল কাশেম শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ইউএস-বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের শ্বশুর।

মরহুমের জ্যেষ্ঠ পুত্র ইউএনডিপির কর্মকর্তা এ কে এম মামুনুর রশীদ জানান, ‘বার্ধক্যজনিত অসুস্থতা ছাড়া তার বাবা ভালোই ছিলেন। হঠাৎ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি অসুস্থতা বোধ করেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।’

গাজী আবুল কাশেম স্ত্রী এবং পাঁচ ছেলে-মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাতক্ষীরার তালা উপজেলার আটুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন গাজী আবুল কাশেম। কর্মজীবনের শুরুতে কিছুদিন শিক্ষকতা করেন। এরপর সরকারের খাদ্য বিভাগে যোগ দেন। দুই দশক আগে তিনি অবসরগ্রহণ করেন। অবসরের পর প্রথমে খুলনা, পরে ঢাকায় বসবাস করেন।

মরহুমের সন্তানদের মধ্যে দ্বিতীয় পুত্র এ কে এম হারুন অর রশীদ জাপানে কর্মরত। কন্যাদের মধ্যে সাজিয়া আফরিন, দিলরুবা পারভীন ও শারমিন আক্তার নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। শুক্রবার বিকেলে বারিধারায় নামাজে জানাজা শেষে গাজী আবুল কাশেমকে পূর্বাচল আমেরিকান সিটিতে দাফন করা হয়।