দুই সিএনজি মুখোমুখি, প্রাণ গেল তিনজনের

মৌলভীবাজারের রাজনগরে দুই সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন সিএনজি চালক রাজু আহমদ (২০), অপর সিএনজি চালক সাহেল আহমদ (২২) ও যাত্রী নাইম আহমদ (২০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নম্বরবিহীন দুটি সিএনজির একটি রাজনগরের দাশটিলা থেকে তারাপাশার দিকে এবং অপরটি কলেজ পয়েন্ট থেকে দাশটিলা গ্রামের দিকে যাচ্ছিল। পথে রাজনগর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের পার্শ্ববর্তী মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নার দোকান এলাকায় পৌঁছালে দুটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় তিনজন নিহতসহ দুই সিএনজির যাত্রী দাশটিলা গ্রামের আমজদ মিয়ার স্ত্রী সেনাই বেগম (৫০) ও তার দুই মেয়ে রিমা বেগম (১৫) ও পিমা বেগম (১২) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে প্রেরণ করেন। 

রাজনগর থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) আব্দুছ ছালেক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশগুলো ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।