মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের দুর্গম হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে প্রশাসন। সোমবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর স্থানীয় থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়।
আজ সোমবার (২০ জুলাই) বিকেলে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া পর্যটকরা সবাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। তারা সোমবার সকালে ঢাকা থেকে ঘুরতে হামহাম জলপ্রপাতে এসেছিলেন। জলপ্রপাতে যাওয়ার পাহাড়ি ও পিচ্ছিল পথ অতিক্রম করার সময় এক শিক্ষার্থী পা পিছলে পড়ে গিয়ে হাতে গুরুতর আঘাত পান। পথ দুর্গম হওয়ায় আহত সহযাত্রীকে নিয়ে বাকিদের পক্ষে পথ চিনে ফিরে আসা সম্ভব হচ্ছিল না। কোনো উপায় না দেখে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে দ্রুত সহায়তার আবেদন জানান।
৯৯৯ থেকে বার্তা পাওয়ার পর বিকেল ৩টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ বিষয়টি জানতে পারে। ঘটনা জানার পরপরই কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয় অধিবাসীদের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর বিকেল ৪টা ৪৫ মিনিটে আটকে পড়া ১০ শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করে দলটি। উদ্ধারের পর আহত শিক্ষার্থীকে চিকিৎসার জন্য দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া পর্যটকদের মধ্যে আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৯ জন সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে রয়েছেন।
তিনি দুর্গম পাহাড়ি এলাকায় ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের সর্বদা সতর্ক থাকা এবং পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে যাওয়ার আহ্বান জানান।