শেষ দেখায় নাভালনি সুস্থ ছিল, দাবি মায়ের

রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক অ্যালেক্সি নাভালনি গত সপ্তাহেও সুস্থ ছিলেন বলে দাবি করেছেন তার মা লাইডমিলা নাভালনায়া। রুশ সংবাদপত্র নোভায়া গাজেতাকে উদ্ধৃত করে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গত সোমবার ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন নাভালনায়া। শুক্রবার কারাগারে ছেলের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন তিনি। এতে লিখেছেন, ‘আমি কোনো শোকবার্তা শুনতে চাই না। আমরা তাকে ১২ ফেব্রুয়ারি কারাগারে দেখতে গিয়েছিলাম। সে জীবিত, সুস্থ এবং সুখী ছিল।’

রুশ সংবাদমাধ্যম স্পুটনিক জানিয়েছে, কারাগারে হঠাৎ অসুস্থ বোধ করেন নাভালনি এবং জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর তাকে সুস্থ করার সব চেষ্টা করা হলেও তাতে কোনো ফল আসেনি। পরে তার মৃত্যুর খবর নিশ্চিত করে রুশ কর্তৃপক্ষ।

নাভালনিকে সাইবেরিয়ার একটি কারাগারে (ইয়ামালিয়ার তিন নম্বর পেনাল কলোনি) বন্দি করে রাখা হয়েছিল। সেখানেই তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয় কারা কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এছাড়া ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও একই কথা বলেছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন নাভালনি। পুতিনের প্রতিদ্বন্দ্বীও মনে করা হত তাকে। ২০২১ সাল থেকে তিনি কারাবন্দি ছিলেন। উগ্রপন্থায় উসকানি ও অর্থায়ন এবং একটি উগ্রপন্থি সংগঠন প্রতিষ্ঠার দায়ে ২০২৩ সালের আগস্টে তাকে ১৯ বছরের কারাদণ্ড দেয় রাশিয়ার আদালত। এরই মধ্যে তিনি প্রতারণা ও অন্য অভিযোগের দায়ে সাড়ে ১১ বছর কারাভোগ করেন। যদিও তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছিলেন নাভালনি।