নরসিংদীর শিবপুরে ভুল চিকিৎসায় মারজিনা পারভীন রিনি (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মৃতের উত্তেজিত স্বজনরা হাসাপাতালে ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শিবপুর পপুলার প্রাইভেট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত মারজিনা পারভীন রিনি শিবপুর উপজেলার বান্দারদিয়া গ্রামের বাবুল মিয়ার স্ত্রী।
নিহত রিনির ভাই দোলন খান জানায়, শুক্রবার বিকেল ৪টার দিকে মাথাব্যাথা নিয়ে মারজিনা পারভিন রিনিকে শিবপুর পপুলার প্রাইভেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে স্বজনরা । সেখানে জরুরি বিভাগে নেওয়ার পর রিনির প্রেশার কম পাওয়া যায়। তখন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে একটি ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশ করার সাথে সাথে রিনির শরীর আরও খারাপ হয়ে যাচ্ছিল। তখন দ্রুত রিনিকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। জেলা হাসপাতালে নেওয়ার পর কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানায়, হাসপাতালে হট্টগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। স্বজনরা বলছে, ভুল চিকিৎসায় মারা গেছে। আসলে কি হয়েছে, তা তদন্তের পর বলা যাবে।