ছাত্রলীগের সংঘর্ষে উত্তপ্ত ঢাকা-চট্টগ্রাম ক্যাম্পাস

ছাত্রলীগের সংঘর্ষে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উভয় ক্যাম্পাসে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

সাধারণ শিক্ষার্থীরা বলছেন, ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষের ঘটনায় আমরা আতঙ্কে আছি। আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ চাই।

ঢাবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
 
গতকাল (১৫ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে আনুমানিক রাত ৪ টা পর্যন্ত দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলতে থাকে। তার জের ধরে শুক্রবারও মধুর ক্যান্টিনে দু’পক্ষের মধ্যে দ্বিতীয় দফায় মারামারির ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহত হয়েছেন- পলাশ রায় সৌরব, অপূর্ব চক্রবর্তী, পল্লব মন্ডল, অর্পন কুমার বাপ্পি, বিপ্লব পাল, বর্ষন রয়, কার্তিক কুমার। এরা প্রত্যেকেই সৈকতের অনুসারী বলে জানা গেছে। এদিকে ইনানের অনুসারীদের মধ্যে আহত হয়েছেন অভিষেক ভাদুড়ি, জয় দাস সহ অপুর্ব, ধ্রুব, চিন্ময়, রিদ্ধি, অভি ও প্রিতম।

জানা যায়, স্বরসতী পূজা উপলক্ষে ছাত্রলীগের আয়োজিত কনসার্ট শেষে ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত চলে যাওয়ার সময় হল কমিটির পদপ্রার্থী ও শেখ ওয়ালী আসিফ ইনানের অনুসারী গণেশ ঘোষের সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে গণেশ সৈকতের কাছে মাফ চাইলে ঘটনা শেষ হয়। তবে সৈকত চলে যাবার পরেই হল মাঠে ইনান ও সৈকতের অনুসারীদের মাঝে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। যা রাত ৪টা পর্যন্ত চলে।

চবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ক্যাম্পাস, আহত ১৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বগিভিত্তিক গ্রুপ সিএফসি ও সিক্সটি নাইনের দিনভর উত্তেজনার পর সন্ধ্যায় তা তুমুল সংঘর্ষে রূপ নিয়েছে। এতে তিন পুলিশসহ উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছে।

বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের দায়িত্বরত চিকিৎসক। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় চার শিক্ষার্থীকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে এই সংঘর্ষ শুরু হয়ে রাত ৮টার দিকে তা নিয়ন্ত্রনে আনে পুলিশ। পরে দুই হলে তল্লাশি চালানো হয়। এসময় হলগুলো থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।