নারায়ণগঞ্জ আওয়ামী লীগ সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা মেয়র আইভীর

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী। সেই সঙ্গে ১৭টি ওয়ার্ডের কমিটি বাতিল না করলে পাল্টা কমিটি দেয়ার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক এই সহ সভাপতি।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শহরের দেওভোগে ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে পদবঞ্চিত নেতাকর্মীদের বৈঠকে এ ঘোষণা দেন আইভী।

মেয়র আইভী বলেন, ২৭ টা ওয়ার্ডের মধ্যে ১৭ টা ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয়েছে। অনেক ওয়ার্ডে অসন্তোষ আছে। সিদ্ধিরগঞ্জের ৯টা ওয়ার্ড কেন করে নাই? আমার আনোয়ার কাকা আর শ্রদ্ধেয় খোকন সাহার কাছে প্রশ্ন ২৭টা ওয়ার্ডই আমার নির্বাচনী এলাকা। কোন সাহসে কোন অধিকারে আমাকে না জিজ্ঞেস করে আপনারা এই ১৭টা ওয়ার্ডের কমিটি দিলেন। আমি এই ১৭টা ওয়ার্ডের পাল্টা কমিটি দেব। যদি ওই ১৭টা ওয়ার্ডের লোকজন যোগাযোগ করে আমি অবশ্যই তাদের পাশে দাঁড়াব।  

আইভী অভিযোগ করেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের দাফন রচনা করার চেষ্টা করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে আনোয়ার সাহেব ও খোকন সাহা তাদের নিজেদের পকেটের লোক দিয়ে আওয়ামী লীগকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করছেন। উনি (আনোয়ার) কারো সঙ্গে মেশেন না, কারো সঙ্গে কথা বলেন না। দল কীভাবে গোছাতে হয় উনি জানেন না। না গুছিয়ে উনিও যাকে যাকে দিয়েছেন এরাও পকেট লোক।

তিনি আরও বলেন, এটা কি ছেলে খেলা! দল কি আনোয়ার সাহেব আর খোকন সাহার বাবার সম্পত্তি? আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, শেখ হাসিনার দল। আমাদের কর্মীবান্ধব দলের আমি শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী। আমি বাংলাদেশে আসছি ২০০৩ সালে। ২০০৩ থেকে ২০২৪ পর্যন্ত দলের কোনো বিষয় নিয়ে কথা বলিনি, আজ বাধ্য হয়েছি। এখন থেকে শুরু করলাম, দলের ভেতর কোনো অনিয়ম চলবে না। ২৭টা ওয়ার্ডই আমার নির্বাচনী এলাকা, আমার মতামত নিয়ে যদি না করে তাহলে আমি পাল্টা কমিটি দেব।