প্রাণনাশের ভয়ে মামলা করছে না ধর্ষণের শিকার স্কুলছাত্রীর পরিবার

নীলফামারীর ডিমলা উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। অভিযোগ উঠেছে, একটি মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনসার উদ্দিন (৬৫) এই ধর্ষণের ঘটনা ঘটিয়েছে।

অভিযোগ করা হয়, ধর্ষক উপজেলার বালাপাড়া ইউনিয়নে বালাপাড়া নিউ মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। কিন্তু মামলা করতে সাহস পাচ্ছে না ভুক্তভোগী ধর্ষণের শিকার স্কুলছাত্রীর দিনমজুর পিতা। তিনি বলেন, আমি গরিব মানুষ। মামলা করলে আমাদের আরও ক্ষতি হতে পারে। এমনকি আমাদের প্রাণেরও ক্ষতি হতে পারে। তারা অনেক প্রভাবশালী।

ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার জানায়, গত সোমবার (১২ ফেব্রুয়ারি) বাবার দিনমজুরির পাওনা টাকা আনতে প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে যায় ওই স্কুলছাত্রী। সেখান থেকে ফেরার পথে ওই ছাত্রীকে ধর্ষণ করেন মনসার উদ্দিন এবং এ ঘটনা কাউকে না জানাতে ভয়-ভীতি দেখান। পরে মেয়েটি বাড়িতে গিয়ে তার দাদিকে বিষয়টি জানায়। ঘটনার পর থেকে মনসার আলী পলাতক। এ ঘটনার পর স্কুলছাত্রীর বাবা বিচার পেতে স্থানীয় গণ্যমান্যদের মৌখিকভাবে বিচার দিলেও থানায় মামলা করতে পারেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী জানায়, অভিযুক্ত ব্যক্তি স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় স্কুলছাত্রীর পরিবার ভয়ে আছে। একটি চক্র সালিশের মাধ্যমে মীমাংসা করিয়ে দেওয়ার কথা বলে মামলা করতে বাধা দিচ্ছে। তাই আমরাও তেমন কিছু করতে পারছি না।

স্থানীয় ইউপি সদস্য মামুন ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ওই স্কুলছাত্রীর বাবা মৌখিকভাবে বিষয়টি আমাকে জানিয়েছেন। ঘটনা শোনার পর আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছি।

ডিমলা থানার ওসি দেবাশীষ রায় দেশ রূপান্তরকে বলেন, অভিযোগ পাইনি। তবে বিভিন্ন মাধ্যমে ওই স্কুলছাত্রী ও তার বাবার সঙ্গে পুলিশ কথা বলেছে। ভুক্তভোগী পরিবারকে সকল প্রকার আইনি সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। তারা লিখিত অভিযোগ দিলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।