ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীরসাহেব চরমোনাই বলেছেন, দেশে দুর্নীতি মহামারী আকার ধারণ করেছে। সরকারের ছত্রচ্ছায়ায় থাকা লোকজন একদিকে ব্যাংক লুটপাট করছে, টাকা পাচার করছে। সরকারের ছায়াতলের বাইরে থাকা অনেকের সম্পদেরও এখন আর কোনো নিরাপত্তা নেই। সরকার লুটপাটের রাজত্ব কায়েম করেছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে পুরো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিরোধীদের দমন-পীড়নে ব্যবহার করছে।
পীরসাহেব চরমোনাই বলেন, বাজার নিয়ন্ত্রণের কথা সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হলেও নিত্যপণ্যের দাম কমাতে পারছে না। সিন্ডিকেটের কাছে সরকার অসহায়। নিত্যপণ্যের কষাঘাতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। মাহে রমজানকে সামনে রেখে সিন্ডিকেটচক্র তৎপর হয়ে উঠছে। দেশের টাকা বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দেওয়া হয়েছে। ঋণের নামে যারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা নিয়ে মেরে দিয়েছে, তারা সরকারের লোক।
আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বরিশালের বান্দ রোডস্থ সাউথ কিং চাইনিজ রেস্টুরেন্ট অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পীরসাহেব চরমোনাই বলেন, ঋণখেলাপিদের কাছ থেকে টাকা আদায় করতে না পারলেও সাধারণ কৃষককে ১০/২০ হাজার টাকার জন্য দড়ি বেঁধে জেলে ঢোকানো হচ্ছে। হাজার হাজার কোটি টাকা ঋণখেলাপি এবং হাজার হাজার কোটি টাকা যারা বিদেশে পাচার করেছে তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
তিনি বলেন, সরকারি ছায়াতলের বাইরে যারা আছেন, তাদের জীবন ও সম্পদের কোনো নিরাপত্তা নেই। তিনি বলেন, এ অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হলে রাজনীতিতে গুণগত ও আদর্শিক পরিবর্তন প্রয়োজন। ইসলামী আন্দোলন গুণগত পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। পরে তিনি চলমান দেশব্যাপী দাওয়াতি পক্ষ উপলক্ষে নতুন সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করেন।