উদ্যোক্তা হতে চাইলে সরকার সব সেবা দিতে প্রস্তুত: পলক

চট্টগ্রামের কোনো উদ্ভাবনী তরুণ-তরুণী যদি উদ্যোক্তা হতে চায় তাদের যত ধরনের সেবা লাগবে বর্তমান সরকার তার সবটুকু দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়ছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আজ শনিবার নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম চেম্বার্স অ্যান্ড কমার্স আয়োজিত ৫ম আন্তর্জাতিক প্রযুক্তি মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী চট্টগ্রামকে তিনটি উপহার দিয়েছেন। সেগুলো হল ১০০ কোটি ব্যয়ে ১০ তলা শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর সেন্টার, শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার ইনকিউবেশন যার নির্মান কাজ চলমান রয়েছে, আরেকটা হলো নলেজ পার্ক যা তৈরি করার জন্য জায়গা নির্বাচন করা হয়েছে। এ কাজগুলো সম্পন্ন হলে চট্টগ্রাম একটি সিলিকন সিটিতে রূপান্তরিত হবে।

জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের উন্নয়ন এবং প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে আমাদের দেশে যারা আইটি ফ্রিল্যান্সার আছে তাদের যথাযথ ট্রেনিংনের মাধ্যমে উদ্যোক্তাতে পরিণত করতে হবে। অনেকে আছে যারা গ্রামে, উপজেলায় থেকেও দেশ-বিদেশের অনলাইন মাকের্টপ্লেসে আউটসোর্সিং মাধ্যমে কাজ করে যাচ্ছে। অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে তাদের উদ্যোক্তাতে পরিণত করতে পারলে, সেখানে আরো হাজার-হাজার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে।

চট্টগ্রাম চেম্বার্স অ্যান্ড কমার্সের সভাপতি ওমর হাজ্জাজের সভাপতিত্বে সোসাইটি অব চিটাগং আইটি প্রফেসনালের সভাপতি মো. আব্দুল্লাহ ফরিদ, শফোস’র কান্ট্রি ম্যানেজার এস এম মোহসিন, প্রযুক্তি মেলার এডভাইজ শিপন কুমার বক্তৃতা করেন। এ ছাড়া চেম্বাস অব কমার্সের পরিচালকবৃন্দ, বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি এবং অসংখ্য উদ্যোক্তাসহ  অন্যরা উপস্থিত ছিলেন।