বরই চাষে সফল সুমনকে ‘পাগল’ ডাকত গ্রামবাসী

  • বরই চাষে লাখ টাকা আয়
  • জুটেছে ‘পাগল’ উপাধি 
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৬:৩৯ পিএম

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা সৌদিফেরত জহিরুল ইসলাম সুমন। বেকারত্ব ভালো না লাগায় হঠাৎ বরই চাষের পরিকল্পনা করেন। এমন উদ্যোগ নেয়ায় গ্রামবাসীরা তাকে পাগল ডেকেছে, তবুও তিনি থামেননি। পরবর্তীতে গাছে যখন সুন্দরী, কাশ্মীরি, আপেল কুল জাতের বরই ধরেছে তখন আবার ভিন্ন চিত্র। অভাবনীয় সাফল্যকে স্বাগত জানিয়েছে সবাই।

বর্তমানে সুমনের বাগানের চারদিকে তাকালে শুধু বরই আর বরই। ছোট গাছগুলো বরইয়ের ভারে নুইয়ে পড়েছে। শনিবার (১১ জানুয়ারি) উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের লামপুর বরই বাগানে গিয়ে এমন দৃশ্যই দেখা যায়। সুমন লামপুর এলাকার আবু তাহেরের ছেলে। তিনি দীর্ঘ ১৮ বছর সৌদিতে ছিলেন।

সরেজমিনে দেখা যায়, সুমনসহ আরও পাঁচ যুবক বরই তুলতে ব্যস্ত। এ সময় কথা হয় সুমনের সঙ্গে। তিনি বলেন, বিদেশ থেকে আসার পর ৫ বছর বেকার ছিলাম। ভালো লাগত না। এক বছর আগে বরই চাষের উদ্যোগ নিই। গাছ পরিচর্যা ও বরই তুলতে স্থানীয় ১০ জন যুবক সহযোগিতা করে। ভালোই আয় হচ্ছে। নিজেরা চলার পাশাপাশি প্রত্যেকের পরিবারও উপকৃত হচ্ছে।

সুমন দেশ রূপান্তরকে বলেন, প্রতিদিন গাছ থেকে ২৫ থেকে ৩০ কেজি বরই তোলা হচ্ছে। বাগানটি তিনি আরেকজনের কাছ থেকে ইজারা নিয়েছেন। এ থেকে প্রায় তিন লাখ টাকার মতো আয় হতে পারে। স্থানীয়রা বলেন, তরুণ উদ্যোক্তা সুমনের সফলতা দেখে এলাকার অনেক তরুণ, ছাত্র ও যুবকেরা বরই চাষে আগ্রহী হচ্ছেন।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষি কর্মকর্তা জোনায়েদ কবির খান বলেন, সুমনকে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে আসছি। তিনি খুব অল্প সময়ে বরই চাষে যেভাবে সফলতা পেয়েছেন সেটা অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত