মাঠে ফিরেই গোল সালাহর

এই বছরের প্রথমদিন ইংলিশ প্রিমিয়ার লিগে জোড়া গোল করেছিলেন মোহামেদ সালাহ। এরপর নিজ দেশের হয়ে খেলতে যান আফ্রিকা নেশন্স কাপে। সেখানে ইনজুরিতে পরেছিলেন তিনি। সালাহ ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেন আজ। ফিরেই ব্রেন্টফোর্ডের বিপক্ষে করলেন গোল। লিভারপুল ৪-১ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে।

সালাহ ব্রেন্টফোর্ডের বিপক্ষে খেলবেন তা সংবাদ সম্মেলনে গতকাল জানিয়েছিলেন কোচ ইয়ুর্গেন ক্লপ। তবে শুরুর একাদশে এই মিসরীয় ফরোয়ার্ডকে রাখেননি ক্লপ। দিয়োগো জটার চোটে মাঠে নামলেন ৪৪ মিনিটে।

তার আগে ৩৫ মিনিটে লিভারপুল এগিয়ে যায় ডারউইন নুনেজের গোলে। ৫৫ মিনিটে ম্যাক অ্যালিস্টারের দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন। ৬৮ মিনিটে গোলের দেখা পান সালাহ। লিভারপুল গোলকিপার কুইভেন কেলাহারের উঁচু করে বাড়ানো বলে গাকপোর ফ্লিকে পেয়ে যান অভিজ্ঞ এই ফরোয়ার্ড। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডার ন্যাথান কলিন্সের চ্যালেঞ্জ এড়িড়ে শটে বল জালে পাঠান সালাহ। লিগে চলতি মৌসুমে এটি সালাহর ১৫তম গোল।

৭৫ মিনিটে ব্রেন্টফোর্ডের ইভান টোনি এক গোল করে ব্যবধান কমান। ৮৬ মিনিটে কোডি গাকপো গোল করলে স্কোরলাইন ৪-১ হয়।

২৫ ম্যাচে ১৭ জয় ও ছয় ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে লিভারপুল।