সালাহ-মারমুশকে নিয়ে ফারাওদের দল, নতুন চমক হামজা

আপডেট : ২১ মে ২০২৬, ১২:০৫ পিএম

ফিফা বিশ্বকাপের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে মিসর। লিভারপুলের কিংবদন্তি ফরোয়ার্ড মোহাম্মদ সালাহর কাঁধেই থাকছে দলকে নেতৃত্ব দেওয়ার গুরুভার। আক্রমণভাগে তাঁর সঙ্গে জুটি বাঁধবেন ম্যানচেস্টার সিটির তারকা ওমর মারমুশ।

তবে এবারের স্কোয়াডে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দলের আনক্যাপড তরুণ প্রতিভাবান ফরোয়ার্ড হামজা আবদেলকারিম। অন্যদিকে, সবাইকে অবাক করে দল থেকে বাদ পড়েছেন নঁতে ফরোয়ার্ড মোস্তফা মোহামেদ।

মিশরের প্রধান কোচ হোসাম হাসান আপাতত ২৭ সদস্যের এই দল ঘোষণা করেছেন। তবে বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে আগামী ২৮ মে কায়রোতে রাশিয়ার বিপক্ষে নিজেদের শেষ হোম প্রীতি ম্যাচ খেলবে মিশর। এরপরই ফিফার নিয়ম অনুযায়ী স্কোয়াড কমিয়ে ২৬ জনে নামিয়ে আনা হবে। অর্থাৎ, বর্তমান দল থেকে একজন খেলোয়াড়কে বাদ পড়তে হবে।

বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগে আগামী ৬ জুন যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হবে মিশর। এরপর ১৫ জুন সিয়াটলে বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শুরু হবে সালাহ-মারমুশদের বিশ্বকাপ অভিযান। 'গ্রুপ জি'-তে মিশরের বাকি দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড (২১ জুন) এবং ইরান (২৬ জুন)।

এক নজরে মিশরের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: মোহাম্মদ এল শেনাওয়ি, মোস্তফা শোবের, এল মাহদি সোলিমান, মোহাম্মদ আলা।

ডিফেন্ডার: মোহাম্মদ হানি, তারেক আলা, হামদি ফাথি, রামি রাবিয়া, ইয়াসের ইব্রাহিম, হোসাম আবদেলমাজিদ, মোহাম্মদ আবদেলমোনেম, আহমেদ ফাতুহ, করিম হাফেজ।

মিডফিল্ডার: মারওয়ান আতেয়া, মোহানাদ লাশিন, নাবিল এমাদ, মাহমুদ সাবের, আহমেদ জিজো, ইমাম আশুর, মোস্তফা জিকো, মাহমুদ ত্রেজেগে, ইব্রাহিম আদেল, হাইসেম হাসান।

ফরোয়ার্ড: ওমর মারমুশ, মোহাম্মদ সালাহ, আকতাই আবদুল্লাহ, হামজা আবদেলকারিম।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত